আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শনিবার, ০৬ জুলাই ২০২৪ ইং ০২:৫৯ পিএম.
বাবার বাড়িতে বিলকিছ বেগমের প্রসব ব্যথা উঠে। সন্তান প্রসবের জন্য যেতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িতে যাওয়ার কোন পথ নেই। বাঁশ ও কাঠের ভাঙা সাঁকো হেটে পার হয়েই যেতে হবে তাকে। সাঁকো পার হওয়ার আগেই তীব্র প্রসব ব্যথা উঠে তার। সহ্য করতে না পেরে সাঁকোতেই শুয়ে পড়েন। সেখানেই কন্যা সন্তানের জন্ম দেন বিলকিছ।
শনিবার (৬ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলী খালের ওপর থাকা সাঁকোতে এ ঘটনা ঘটে।
বিলকিছ বেগম মাঝিপাড়া গ্রামের আহমদ আলীর মেয়ে এবং যাদুর চরের সাইজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, এটি বিলকিছ বেগমের প্রথম কন্যা সন্তান।
তারা জানান, বিলকিছ বেগমের স্বামীর বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর গ্রামে। তিনি কয়েক দিন আগে রৌমারী সদর ইউনিয়নের সুতির পাড়ে তার বাবা আহমদের বাড়িতে আসেন।
শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কয়েকজন মিলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন। কিন্তু সাঁকোটি ভাঙ্গা থাকায় সাঁকোর ওপর কোন যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে বিলকিছ বেগমকে নিয়ে হেটে সাঁকোর পার হচ্ছিলেন তার আত্মীয়সহ কয়েকজন মহিলা। পরে সাঁকোর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে সাঁকোর ওপর শুয়ে পড়েন বিলকিছ বেগম। পড়ে স্থানীয়দের সহায়তায় সাঁকোর ওপরই তার সন্তান প্রসব হয়।
বিলকিছের বাবা আহমদ আলী জানান, যাদুর চরে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। সন্তান সম্ভবা হওয়ায় তাকে আমার বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম। মেয়ের প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সাঁকোর ওপর কন্যা সন্তানের জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সাঁকোর ওপর সন্তান প্রসবের ঘটনা নিয়ে ফেসবুক লাইভে আসেন। পরে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।
এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি জানান, এই সাঁকোটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপোযোগী হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতর কোন ব্যবস্থা নেয়নি। এর ফলশ্রুতিতে এ ঘটনা। আমরা চাই এই ব্রিজটি দ্রুত নির্মাণ করা হোক। তাহলে আর প্রসূতি মা বা অসুস্থ রোগীরা গাড়ি করে হাসপাতালে যেতে পারবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজাউল সুজা জানান, এটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনা শোনার পর আমি নিজেই ঘটনাস্থলে এসেছে। এ সাঁকো দিয়ে বহু মানুষ চলাচল করলেও ব্রিজটি নির্মাণ করা হয়নি। আমরা চাই দ্রুত সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণ করা হোক।
Leave a Reply